ফেনীর ৭৪৫ জন নারী পেলেন ল্যাপটপ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হার পাওয়ার প্রকল্পের আওতায় বুধবার দুপুরে পিটিআই মাঠ প্রাঙ্গনে ফেনী, লক্ষীপুর ও চাঁদপুর জেলার ৭৪৫ জন নারী প্রশিক্ষণার্থীর হাতে একটি করে ল্যাপটপ তুলে দিয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই ল্যাপটপ হস্তান্তর করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় প্রতিমনন্ত্রীর আহ্বানে করতালি দিয়ে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন উপহার প্রাপ্তরা।
ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম, ফেনী-২ সাংসদ নিজাম উদ্দিন হাজারী, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, হার পাওয়ার প্রকল্প পরিচালক রায়হানা ইসলাম, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, উই সভাপতি নাসিমা আক্তার নিশা প্রমুখ উপস্থিত ছিলেন।
শিগগিরই সুলভ মূল্যে ব্রডব্যান্ড সেবা বাস্তবায়ন করা হবে: পলক
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, নারী শিক্ষার প্রসার, নারীর কর্মসংস্থান ও যৌথুক প্রথার বিরুদ্ধে শক্তিশালী ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক তৈরিতে নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রশিক্ষণ ও ল্যাপটপ এক এক জন প্রশিক্ষণার্থীর পেছনে জনগণের কষ্টার্জিত ট্যাক্সের এক লাখ করে টাকা বিনিয়োগ করা হয়েছে। এই সম্পদ ও অর্থ খরচকে তোমরা মনে রাখবে। তোমাদের জন্য উপহার ও আশীর্বাদ ব্যবহার করে একেক জন আরো ১০ জন করে উদ্যোক্তা তৈরি করে দেশের জন্য দায়িত্ব পালন করবে।
দেশজুড়ে প্রতিটি বাড়িতে সুলভ মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে জানিয়ে তিনি বলেন, ফোর-জি স্পিড প্রত্যেকটি মোবাইল নেটওয়ার্ক কোম্পানি যেন নিশ্চিত করে সেজন্য আমরা কাজ করছি। এমনকি প্রত্যেক জায়গায় ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমানোর জন্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৫ মাসের মধ্যে ইন্টারনেটের দাম আরও কমানো হবে।
স্মার্ট কর্মসংস্থানের হাব হিসেবে গড়ে তোলার লক্ষে প্রতিমন্ত্রী ফেনীর প্রত্যেকটি সংসদীয় আসনের শেখ রাসেল ডিজিটাল ল্যাব সমূহে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং ১০০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের ঘোষণা দেন। পাশাপাশি তিনি ফেনীর প্রতিটি প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিটি হেলথ ক্লিনিক, ভূমি অফিস, সরকারি দপ্তরসহ সবগুলো প্রতিষ্ঠানকে হাই স্পিড ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি আওতায় আনা হবে বলেও জানান।
ফেনীতে প্রযুক্তি নির্ভর যুব শক্তি তৈরিতে নানা উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, এ জেলায় ১১৪টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব হয়েছে। এখানে আরও ১০০টি ল্যাব স্থাপন করা হবে। জেলার প্রতিটি ইউনিয়নে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টায় মেয়েদের, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ছেলেদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে।
পরে প্রতিমন্ত্রী পরশুরাম উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টানের জায়গা এবং চাঁদগাঁও শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টান স্থাপনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।







